দোকান বসানোকে কেন্দ্র করে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ বাজারে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী সাবুউদ্দিন সাবু (৪৫) মারা গেছেন।
রোববার সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক’র পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ছাপড়া মসজিদ এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম গ্রুপ ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর সূত্র ধরে গত শুক্রবার দুপুরে হাজী সেলিম গ্রুপের ব্যবসায়ী সাবু বাজারে গেলে মোস্তফা গ্রুপের মো. আলম, মফিজ, তোতা ও মোল্ল্যা মাসুমসহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, ডান হাতে ও কোমরে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টায় তিনি মারা যান।
নিহত সাবুউদ্দিনের বাবার নাম মৃত আব্দুল জলিল। তিনি লালবাগের কাশ্মেরি তলার ১২/৩ নম্বর বাসায় থাকতেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





