জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে নেতৃবৃন্দ দাবী আদায় না হওয়া পর্যন্ত (১) সকল চাকুরীজীবি প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন ও জেলা পরিষদ/উপজেলা পরিষদের সামনে মানববন্ধন (২) কর্মস্থলের সামনে দাবী সম্বলিত ব্যানার টানানো (৩) ইন্টার্নী শিক্ষার্থীদের কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহন (৪) আন্দোলন চলাকালে ম্যাট্স শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ১৬ মে ২০১৬ইং হতে ৫ দফা দাবী বাস্তবায়নে আন্দোলনরত পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসক ও মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৫ দফা দাবী বাস্তবায়নের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আলম, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: সিরাজুল ইসলাম বাচ্চু, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলাউদ্দিনসহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আন্দোলনরত পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসক ও মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৫ দফা দাবী বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) নামক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী এবং মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী বেকার এবং পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকবৃন্দ।
৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ২ বছর যাবৎ বেকার ও পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসক এবং ম্যাটস শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে (১) উচ্চ শিক্ষার (এমবিবিএস) অধিকার (২) ইন্টার্নশিপের ১ বছর সহ ৪ বছরের শিক্ষার ৩ বছরের ডিগ্রীর বঞ্চনা থেকে মুক্তি (৩) ডিপ্লোমা চিকিৎসকদের অর্জিত সম্মান, প্রাপ্য সম্মান (৪) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতা সহ পদমর্যাদা ১১ তম গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীত (৫) ইর্ন্টানী শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন এবং ভাতা’র দাবিতে চলমান কর্মসূচি চালিয়ে যাব।
বক্তারা ৫ দফা দাবী আদায় অঙ্গীকারাবদ্ধ সারা দেশের ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচী পালন করে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। সারাদেশের মানুষকে দাবির প্রতি সমর্থন দানের আহ্বান জানান তারা।
বক্তারা ৫ দফা দাবী আদায়ে যে কোন ধরনের তালবাহানা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং সকলকে তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর অনুরোধ জানান।
এআই





