ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রেমিকার উপর অভিমান করে পবিত্র কুমার (১৮) নামের এক যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে।
গত বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পবিত্র বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি পাড়িয়া ইউনিয়নের পানিশাল গ্রামে।
পবিত্রের বাবা সুরেশ চন্দ্র বলেন, 'গত মঙ্গলবার বিকেলে উপজেলার ফুটিয়াপাড়া গ্রামে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পবিত্র। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে গত বুধবার সকালে পবিত্র মারা যায়'।
পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল বলেন, ''পবিত্র কুমারের সাথে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পবিত্র ওই মেয়েকে নিয়ে বাইসাইকেলে করে উপজেলার ফুটিয়াপাড়া গ্রাম দিয়ে যাচ্ছিল। এ সময় উভয়ের মাঝে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে পবিত্র তাঁর প্রেমিকার উপর অভিমান করে প্রথমে বিষপান করে এবং পরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে''।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাসেম বলেন, ''পবিত্র কুমারের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। এ জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল''।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, 'রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পবিত্রের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে'।
এমবিএইচ





