জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়।
নাজিমের মামাতো ভাই ছাদেক আজাদ জানান, ভোর সাড়ে ছয়টার দিকে নাজিমের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গত মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন। এর ২৪ ঘণ্টা না পেরোতেই খুন হলেন তিনি। গত বুধবার পুরান ঢাকায় চাপাতি দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় তাঁকে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কাল শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ছয়জন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক ও প্রকাশককে হত্যা করা হলো। এঁদের সবাইকে একই কায়দায় কোপানো হয়েছে।
এইচ ই





