গাইবান্ধার সাদূল্যাপুরে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করায় বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতন-ভাতা উত্তোলনের অনুমতি দেয়নি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব আলম। ফলে ঈদ উৎসব থেকে বঞ্চিত হয়েছে শিক্ষক-কর্মচারীদের পরিবার-পরিজন।

বৃহস্পতিবার প্রাপ্ত সুত্রে জানা গেছে, ১লা জুন বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেয় শিক্ষা বোর্ড। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানের সভাপতি আনছার আলী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং ৬৪০৩ তাং ২৮/০৬/১৫। ওই পিটিশনের প্রেক্ষিতে ৫ জুলাই হাইকোর্টের বিজ্ঞ বিচারপতির দ্বৈত বেঞ্চ ৩ মাসের জন্য পুর্বের কমিটি বহাল রাখার আদেশ দেন। উক্ত আদেশের জাবেদা কপিসহ শিক্ষক-কর্মচারীর উপস্থিতির বিবরণী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রতিস্বাক্ষরের জন্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন।

তবে শিক্ষা অফিসার তার খাম-খেয়ালীপনা ও দায়িত্ব অবহেলার কারণে শিক্ষক-কর্মচারীর উপস্থিতির বিবরণীতে প্রতিস্বাক্ষর না করায় ওই বিদ্যালয়ের ১৬ শিক্ষক-কর্মচারী জুন মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারেনি। এ কারণে ঈদ উৎসব থেকে বঞ্চিত হয়েছে তাদের পরিবার-পরিজন।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম বলেন, ওই প্রতিষ্ঠানের কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় প্রতিস্বাক্ষর করা সম্ভব হয়নি।

কেএইচ