জেলার কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩শ’ ৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বুড়িরহাট বিজিবি। এ সময় মাসুদুর রহমান (৫০) নামে এক পিকআপ ভ্যান চালককে আটক করা হয়েছে।
উপজেলার জাওরানী-বুড়িরহাট সীমান্তের চন্দ্রপুর ও লোহাকুচি এলাকায় শনিবার দুপুরে ডগ স্কোয়াডের সহায়তায় এ সব ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডগ স্কোয়াডের সহায়তায় ১ হাজার ৮শ’ ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮৫৬৯) ও চালক মাসুদুর রহমানকে আটক করা হয়।
আটক মাসুদুর ঢাকা উত্তরখান এলাকার আব্দুল আজিজের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, লোহাকুচি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে আরও ৫শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা ফেনসিডিল ও পিকআপ ভ্যান চালক মাসুদুরকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





