ছেলে আলমকে জীবিত উদ্ধার এবং তার কাছে পুলিশের ঘুষ চাওয়ার অভিযোগে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাফিজ উদ্দিন নামে এক বাবা।
মঙ্গলবার বিকালে এ সংবাদ সম্মেলন অনিুষ্ঠিত হয়।
সদর উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামের হাফিজ উদ্দিন অভিযোগ করেন, তার ছেলে আলমকে (২৫) উচ্চ বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ মে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার কিছু যুবক। এরপর তার ছেলের বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা কোন খোঁজ জানেন না বলে তাকে জানায়।
তিনি আরও জানান, এ বিষয়ে দিনাজপুর কোতয়ালি থানায় ১১ জুন একটি অভিযোগ দায়ের করেন। থানার উপপরিদর্শক (এসআই) রেজাউর করিম তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
বাবা হাফিজ উদ্দিন জানান, হতদরিদ্র হওয়ায় তার পক্ষে এ টাকা দেওয়া সম্ভব নয় বলে তিনি ওই উপপরিদর্শককে জানান।
ঘটনার পর একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেনের কাছে গেলেও তিনি কোন কথা শুনতে চাননি।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, আলম নিখোঁজ হওয়ার ঘটনাটি আমার জানা আছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে বাদীর কাছে কোন ধরনের টাকা চাওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





