স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িতদের খুঁজতে ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট এবং রাস্তার মোড়ে ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অষ্টম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর ৮০ শতাংশ গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসি ক্যামরা স্থাপন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জেলা শহরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে যে নির্দেশনা দেয়া হয়েছে ডিসিরা তাতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
বিজিবির ক্যাম্প, বিভিন্ন জেলা-উপজেলায় কয়েকটি জায়গায় ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র স্থাপনের কথা এসেছে ডিসিদের সঙ্গে বৈঠকে। এ বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





