সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে বরিবার (১৪ জুলাই) বাদ জোহর। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে।
এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ আক্তার এ কথা জানিয়েছেন।
ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে লাশ রাখা হবে।
আরও পড়ুন: পল্লিবন্ধু এরশাদের জন্ম থেকে মৃত্যু
আরও পড়ুন: যে ৪ স্থানে এরশাদের জানাজা
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এসএম





