সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় সহস্রাধিক বাড়ী ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

জেলা সদর, কামারখন্দ, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে বৃহস্পতিবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া ওই গ্রামগুলোতে বিভিন্ন ধরনের গাছ ও ফসলের ব্যাপক ক্ষতিও হয়েছে।

এদিকে, ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে ও বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন জানায়, ভোর রাতে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা প্রচন্ড ঝড়ে বেলকুচি উপজেলার সমেসপুর বাজারের অন্তত ২০ টি দোকান, রাজাপুর, চরসমেসপুর, সমেসপুর উত্তর পাড়া, বোয়ালগাছি, ঠাকুরপাড়া, নলকাসহ জেলার অন্যান্য এলাকার কাঁচা ও টিনসেড বাড়ী ঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসব এলাকার অন্তত ১০ ব্যক্তি ঝড়ে আহত হয়েছে বলেও জানান স্থানীয়রা।

এছাড়া ঝড়ে সিরাজগঞ্জ-নলকা সড়কের কুটির চর এলাকায় রাস্তার উপর গাছ ভেঙ্গে পড়েছিল। এতে ওই রাস্তায় সকাল ৮ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়রা গাছ সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাকিউর রহিম সাহিদ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থের এখনও সঠিক পরিসংখ্যান পাওয়া জায়নি। তবে পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এমকে