'বাবা-মাসহ পরিবার পরিজন হারিয়ে আমার সবটুকু উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য। তাই এই বাংলার মানুষের জন্য আমি আমার সকল করতে প্রস্তুত।' এমনটিই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার এবং ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় 'নাগরিক সংবর্ধনা' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বাঙ্গালী জাতি যেন বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে পারে সে চেষ্টাই করে যাবো। বাঙ্গালী জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় গোড়ে তুলবো এটাই আমার লক্ষ।

পরিবেশ রক্ষার ব্যাপারে তিনি বলেন, পরিবেশ রক্ষার জন্যে আমাদের সরকার যা করা প্রয়োজন তাই করে যাচ্ছে। শুধু সরকারি দল হিসেবে নয় একটি আদর্শ রাজনৈতিক দল হিসেবে আমরা সেই কাজ করছি। ক্ষমতায় আসার আগেও আমরা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কাজ করেছি।

উল্লেখ্য, এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রীকে এ দুটি পুরস্কারে ভূষিত করে।

এর আগে শনিবার লন্ডন থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে বিপুল গণসংবর্ধনা দেয় তার দল আওয়ামী লীগ।

এমআর