মাটিবাহী পাওয়ার টিলার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কবিরহাট উপজেলার ফহেতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আল মামুন (২৫), সদর উপজেলার দত্তেরহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে সুমনা (১০) ও নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোজি (৫৫) এবং অটোরিকশা চালক নাসের (৩০)।
আহতরা হলেন, স্বপ্না রানী (২০), বাবুল (৬০) ও মৌসুমি (১৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায় অটোরিকশাটি।
একটু পরই বাজার সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে যাত্রীসহ অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মামুন ও সুমনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নেয়ার পথে রোজির মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে ভর্তির পর অটোরিকশা চালক নাসেরের মৃত্যু হয়।
এআর





