পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট বন্ধের পর চালু হচ্ছে মাঝিরঘাট-শিমুলিয়া রুটে ফেরি চলাচল।

আগামীকাল (২৭ আগস্ট) শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দ্রুত ঘাটটি নির্মাণের কাজ শেষ হয়েছে।

বিআইডব্লিউটিসির ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউল জানান, বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাত রোধে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ঘাট পরিবর্তন করা হয়েছে। তীব্র স্রোত না কমা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও মালবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে। ততদিন এই পথ দিয়ে ছোট আকারের ফেরি চলবে। ফেরিগুলো পদ্মা নদীর চ্যানেল দিয়ে ভাটিতে যাবে। এতে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা এড়ানো সহজ হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএর ঢাকার বিভাগীয় সহকারী কারিগরি প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, শুক্রবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দ্রুত ঘাটটি নির্মাণের কাজ শেষ হয়েছে। এই নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে। জাজিরার সড়ক সরু ও ভারি যানবাহন চলাচলের উপযোগী নয় তাই এখনই সব যানবাহন চলাচল সম্ভব নয়।

সড়ক প্রশস্ত হলে সব যানবাহন পার করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে এখন পর্যন্ত তিনবার ফেরির ধাক্কা লেগেছে। ২৩ জুলাই নির্মাণাধীন সেতুটির ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হন। এরপর ০৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি রো রো ফেরি ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১০ নম্বর পিলারেই ১৩ আগস্ট কাকলী নামের আরও একটি ফেরির ধাক্কা লাগে।

এমবি