বরিশাল জেলা ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার বেলা এগারোটার দিকে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে নগরীর মহিলা কলেজের গলি থেকে মিছিল বের করে দলীয় কার্যালয়ে আসার সময় সাংবাদিক মাইনুল হাসান সড়কে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে সাইফুল ইসলাম সুজনসহ কমপক্ষে ছয় নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা যুবদল ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ের সামনে জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ.এম তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।  

সমাবেশ শেষে দলীয় কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্ঠাকালে পুলিশের ব্যারিকেডের মুখে যুবদলের নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পুলিশী বাধায় তারা শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি। একইসময় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে বগুড়া রোড থেকে মিছিল বের করে দলীয় কার্যালয়ে আসার সময় তা মাইনুল হাসান সড়কের মুখে পুলিশের লাঠিচার্জ ছত্র ভঙ্গ হয়ে যায়।

এমই