গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ ও জিহাদি বইসহ জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের আইয়ুব মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ গ্রামের মৃত আবু জাফরের ছেলে নুরুন্নবী মিয়া (৪৫), বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম বারী (৩৮), শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর নয়নসুখ গ্রামের মো. নবির উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন (৩৭) এবং শ্রীপুর ইউনিয়নের সমেস গ্রামের আব্দুল হামিদের ছেলে আবদুল খালেক (৩৮)।
সুন্দরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইজার আলী জানান, উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের আইয়ুব মুন্সির বাড়িতে বেশকিছু জঙ্গি সদস্য গোপন বৈঠক করছিল- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জঙ্গিরা পালিয়ে গেলেও ওই চারজনকে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের বাড়ির মেঝে খুঁড়ে বারুদ, ৬টি বিস্ফোরক উপাদানের পলিথিনের প্যাকেট, ভাঙা কাঁচের টুকরা, ছোট পাথর, লোহার পেরেক, লোহার ছোট বল, স্কচটেপ, জর্দার কৌটাসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণাদি উদ্ধার করা হয়। এছাড়াও ৮/১০টি জিহাদি বই জব্দ করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক আইযুব মুন্সি ও আটককৃত চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দেড়শ' জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, আইয়ুব মুন্সিসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এমই





