জেলার সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রবিবার থেকে ধর্মঘট আহ্বান করেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার বিকেল থেকে শৈলকুপা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান রানু ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ অঞ্চলের সড়ক-মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে অবৈধ যানবাহন চলাচল করছে। উচ্চ আদালত থেকে এ সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অথচ প্রশাসন নিশ্চুপ থাকায় তা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা, ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-হাটফাজিলপুর ও ঝিনাইদহ-হরিণাকুণ্ডুসহ বিভিন্ন রুটে চলাচল করছে। পাশাপাশি ব্যাটারিচালিত ইজিবাইকগুলোও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে চলাচল করছে।
সমিতির অভিযোগ, ভারতের তৈরি মাহেন্দ্র, জেএসএ; স্থানীয়ভাবে নির্মিত নসিমন, করিমন, আলমসাধু ও গ্রামবাংলা অটোভ্যানের সড়ক-মহাসড়কে চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দফায় দফায় অনুরোধ করা হয়েছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় রবিবার বিকেল থেকে শৈলকুপাসহ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার এ প্রসঙ্গে বলেন, শনিবার থেকে মহাসড়কে কোনো প্রকার অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। জেলা বাস মালিক সমিতি ও ভারতের তৈরি মাহেন্দ্র মালিকদের মধ্যে বৈঠক করে চলমান সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমএ





