ঝালকাঠির নলছিটি উপজেলায় ২য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি মিরাজুর রহমান মিরাজ (৩০) কাম নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। আটক মিরাজ ভবানীপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।

গত বুধবার (২১ আগষ্ট) নলছিটি উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিশুটির স্বজনরা অভিযোগ করে জানান, বিদ্যালয় চলকালে বুধবার বেলা ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী।

আর এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ তার শিশু মেয়েকে লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। মেয়েটি ওই সময় সেখান থেকে পালিয়ে গিয়ে মাকে বিষয়টি জানায়।

পরে বিষয়টি স্থানীয় ফাঁড়ির পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং মিরাজুর রহমানকে আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এদিকে এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ছাত্রীর বাবা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এএস