চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে আনোয়ারা পারকি সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে নৌবাহিনী।


বুধবার ভোর রাতের দিকে চট্টগ্রাম নৌবাহিনীর চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিন নৌকায় অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা।


নৌবাহিনী চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার খান মোহাম্মদ শামিম বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মায়ানমার থেকে ফিশিং ট্রলারযোগে এসব ইয়াবা চট্টগ্রামে পাচার করে আনা হয়েছিল।


বুধবার ভোররাতের দিকে ফিশিং ট্রলার থেকে একটি ছোটা ইঞ্জিন নৌকা যোগে আনোয়ার পারকি সমুদ্র সৈকত এলাকা দিয়ে এসব ইয়াবা পাচার করে নিয়ে যাওয়ার সময় নৌবাহিনী অভিযান চালায়। নৌ বাহিনীর সদস্যদের আগমন টের পেয়ে নৌকা ও ইয়াবা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবার বড়ি উদ্ধার করে নৌবাহিনী।
এমকে