সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় সারাদেশে সমালোচনার শুরু হয়।

শেষ পর্যন্ত বুধবার (১৮ ডিসেম্বর) এই তালিকা স্থগিতের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক।

যাচাই বাছাই করে আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান।

এই তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি তালিকাটি যাচাই বাছাই করতে বলেন। পরে মন্ত্রণালয় তালিকাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর (রোববার) বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬তলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই তালিকা ঘোষণা করেন তিনি।

রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, এ তালিকা তারা করেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া তালিকাই তারা প্রকাশ করেছেন।

এমবি