আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব আহমদ (২০) নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে দু’পক্ষের দুই জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরের কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাকিব সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার জয়নাল মিয়ার ছেলে। সংঘর্ষে দু’পক্ষের আহতরা হলেন- মারুফ আহমদ (১৮) ও জুনেদ আহমদ (২৯)।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সিলেট নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও রাজনের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ‌ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সুজেল গ্রুপের জুনেদ ও রাজন গ্রুপের মারুফ ছুরিকাহত হন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় কালীবাড়ি এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে রাকিব আহমদের পায়ে গুলি লাগে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। এছাড়া দুজন আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এমবি