সিলেটের জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামি আনোয়ার হোসেন (২২) পালিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে পুনরায় ধরতে সক্ষম হয়। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, জকিগঞ্জ থানার একটি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার খলাছড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের মতসিন আলীর ছেলে আনোয়ার হোসেন সকাল ১১টা ৫৫ মিনিটের সময় কৌশলে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যায়।
পরে মাদারখালের গ্রাম পুলিশ মোস্তাক আহমদসহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বিকাল সোয়া তিনটার দিকে মাদারখাল গ্রাম থেকে তাকে আটক করে।
জকিগঞ্জের (বিয়নীবাজার সার্কেল) সহকারী পুলিশ সুপার জ্যোর্তিময় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জকিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, আদালতের হাজতখানার রড বাঁকা করে আনোয়ার পালিয়ে গিয়েছিল। পরে তাকে আটক করা হয়েছে।
কেএইচ





