ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় নাজমা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসকের উপস্থিতি ছাড়াই সংকটাপন্ন ওই রোগীকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত নাজমা আখাউড়া উপজেলার রুটি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।

নাজমার স্বামীর বড় বোন আয়েশা খাতুন অভিযোগ করে বলেন, ‘নাজমা সকাল ১১টায় বাড়িতে একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের মুন্সেফপাড়া হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালের নেওয়া হয়।’

তিনি বলেন, ‘এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিৎসক ছিলেন না। হাসাপাতালের কয়েকজন সেবিকা ও মালিকের স্ত্রী নার্গিস বেগম তার চিকিৎসা শুরু করেন। এ অবস্থায় নাজমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিতে চাইলেও তারা যেতে দেননি।’

নিহতের স্বামী তাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরই নাজমাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এ সময় তার রক্তের সেম্পল নেওয়া হয় এবং একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশান দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে ওই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমকে