নির্বাচিত হলে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করার প্রতিশ্রুতি দিয়েছেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন বুধবার নগরীর চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

গণসংযোগকালে স্থানীয়রা তাদের সমস্যার কথা আ জ ম নাছির উদ্দিনের কাছে তুলে ধরেন। এসব কথা শুনে নির্বাচনে বিজয়ী হলে জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসন করার প্রতিশ্রুতি দেন তিনি।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতা এই নগরের প্রধান সমস্যা, মানুষ এই সমস্যা থেকে মুক্তি চায়। আগে থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতা সমস্যা নিরসন সম্ভব হতো। কিন্তু বিগত প্রশাসনের ব্যর্থতায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি, আল্লাহর রহমতে তার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আপনাদের ভালোবাসা ও মূল্যবান রায় পেলে জলাবদ্ধতাও নিরসন করতে পারবো ইনশাআল্লাহ।’

এর আগে সকাল সাড়ে ৯টায় আ জ ম নাছির উদ্দীন নগরীর আন্দরকিল্লা’র বাসায় মাকে পা ছুঁয়ে সালাম করে ঘর থেকে বের হন। এরপর তিনি কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে বাবার কবর জেয়ারত করেন। সেখান থেকে হযরত শাহ আমানত শাহ (রা.) মাজার জেয়ারত করেন। তারপর মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ শুরু করেন।

এ সময় তার সাথে নগর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই