চট্টগ্রাম শাহ আমানত (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে চিঠি দিয়েছেন।
গত ২৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে ক্ষমতাসীন আওয়ামীলীগের চট্টগ্রাম মহনগরের সভাপতির প্যাডে এ চিঠি দেন।
চিঠিতে, চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েটিকে দক্ষিণ-পশ্চিম দিকে সম্প্রসারণের আহবান জানিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে এই বিমান বন্দরটিতে ২৫ থেকে ৩০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ওঠা-নামা করে। আর রানওয়ে সম্প্রসারণ করলে বিমান উড্ডয়নের সংখ্যা আরও বাড়বে।
সাবেক এই মেয়র আরো বলেন, বিগত ২০০৫ সালে এই বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে আমার দাবির প্রেক্ষিতে তা বাতিল করা হয়েছিল। বর্তমানে চট্টগ্রামে এই বিমানবন্দর সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে একদিকে যেমন দেশি-বিদেশি যাত্রীরা সন্তুষ্ট হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নে অগ্রগতির অংশ হিসেবে এই বিমান বন্দরে অটো হাইড্রেন্ট পয়েন্ট’ স্থাপনের মাধ্যমে প্রতি ৬ মিনিটে একটি বিমান রিফুয়েলিং করছে। আগে এরজন্য ১ ঘণ্টারও বেশি সময় লেগে যেত। অটো হাইড্রেন্ট পয়েন্ট’ থাকায় এখন প্রতি ১৫ মিনিট অন্তর একটি বিমান রিফুয়েলিং করে গন্তব্যস্থানের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
রানওয়ে সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সরকারসহ যাত্রী সাধারণের উপকারে আসবে বলে তিনি চিঠিতে আশা প্রকাশ করেন।
জানা গেছে, চট্টগ্রামের এই বিমান বন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালে নির্মাণ করা হয়। তখন চিটাগাং এয়ারফিল্ড নামে এই বিমান বন্দরটি পরিচিত ছিল। বিমান বন্দরটির রানওয়ে প্রথমবারের মতো সম্প্রসারণ করা হয় স্বাধীনতা পরবর্তী ১৯৭৭-৭৮ সালে।
পরবর্তীতে ১৯৮৪-৮৫ সালে দ্বিতীয় দফায় এর রানওয়ে সম্প্রসারণ করা হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শেষ দফায় ১৯৯৮ সালে জাপান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় বিমান বন্দরের সম্প্রসারণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় ২০০০ সালে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (আইকাও) ২০১৩ সালের ৭ নভেম্বর শাহ আমানত বিমান বন্দরটিকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে স্বীকৃতি দেয়। আগামি ২০১৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এটি আর্ন্তাতিক বিমান বন্দর হিসেবে আইকাও সনদ প্রদান করেছে।
ঢাকা,এএম, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





