ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করার অপরাধে মোজাহারুল ইসলাম (৩৮) নামে এক যুবককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এই রায় দেন।

মামলা সুত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে ধান বীজ বোপনের জের ধরে ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি মোজাহারুল ইসলাম। পরে নিহত ইদ্রিস আলীর ছেলে আনসারুল ইসলাম বাদি হয়ে মোজাহারুল ইসলামকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর পুলিশ আসামীকে গ্রেপ্তার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে উপস্থাপন করেন। ফৌজদারির কার্যবিধির ১৪৪ ধারা মতে আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দী রেকর্ড করা হয়। ঘটনার বিষয় সরেজমিন তদন্ত করে পুলিশ।

মামলাটি তদন্তকালে প্রাপ্য সাক্ষ্য পর্যালোচনা করে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীর বিরুদ্ধে আদালতে উক্ত ধারায় চার্জশীট দাখিল করে পুলিশ। আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জশীট গ্রহণ করে আদালত। মামলাটির বিচার নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়।

পরবর্তীতে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দোষী স্বাব্যস্থ্য করে মৃত্যুদন্ডে দন্ডিত করেন আদালত।

সোহেল/এমএনজে