চট্টগ্রাম মহানগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে মো. সাগর (৩০) ও মো. রাসেল (২৩) নামে দুজনের পরিচয় জানা গেছে।

তবে অপরজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এছড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার রাত ৩টার দিকে আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আলাউদ্দিন (১৯), মো. রুবেল (১৮), মো. রানা (২০), মনির হোসেন (১৮) ও মো. রুবেল (১৯)। তাদের আটক করে চিকিৎসা দিচ্ছে পুলিশ।

এলাকাবাসী জানায়, সম্প্রতি কাট্টলী এলাকায় ডাকাত দলের উৎপাত বেড়ে যায়। এক সপ্তাহে কয়েকবার ডাকাত হানা দেয়ার ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ।

এরই ধারাবাহিকতায় ডাকাত প্রতিরোধে রাত জেগে পালাক্রমে পাহারা দিয়ে আসছিলেন কাট্টলীবাসী। মঙ্গলবার রাত ৩টার দিকে ৭/৮ জনের একটি দলকে দেখে তাদের ডাকাত সন্দেহে ধরে গণপিটুনি দিলে তিন তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

পরে পুলিশ গিয়ে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের আটক দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, আটক ডাকাতদের কাছ থেকে এলজি বন্দুকসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান

এসএম