খাগড়াছড়ি জেলার পানছড়িতে সন্ত্রাসী ভুট্টোর ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দমদম গ্রামের বটতলি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির দমদম গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে আবদুল লতিফ (৬০) ও মৃত আবদুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৩৮)। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার দমদম বটতলী এলাকায় জাকির হোসেনের ভাগিনা সাগরকে সন্ত্রাসী ভুট্টো মারধর করছে এমন সংবাদ শুনে আহত দুজন মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে ছুটে গেলে দমদম গ্রামের আবদুস ছোবহানের ছেলে ভুট্টো (২৮) তাদের উপরও অতর্কিত হামলা চালায়। এসময় আবদুল লতিফের বুক-পেটে ও জাকিরের তলপেটে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসী ভুট্টো।

পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো: শফিকুর রহমান তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরে অবস্থার আরো অবনতি ঘটলে তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে সন্ত্রাসী ভুট্টো কর্তৃক দুই জন গুরুতর আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এখনও কোন অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এসএম/এবি