বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার রাতে নাটোর জেলার বাগাতিপাড়ার কাজীপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।

আটকরা হলেন, লালপুর থানার বড় ময়না গ্রামের আকছেদ এবং বড়াইগ্রামের মোজাম্মেল মোল্লা।

বুধবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাদেরকে হাতেনাতে আটক করার জন্য র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, রেলওয়ে কলোনি এবং সদর কোম্পানি বিনোদপুর ক্যাম্পের সাদা পোশাকের একটি দল গোয়েন্দা নজরদারীতে রাখে।

র‌্যাব জানতে পারে, ওই অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র সঙ্গে নিয়ে নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাজীপাড়া এলাকায় অবস্থান করছে। পরে একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি বিদেশি রিভলবারসহ (পাকিস্তানের তৈরি) তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ