জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৮৩৯ কোটি ২৩ লাখ টাকার ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৪৪১ কোটি ৫৪ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকা রয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্বে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হলো- ইনক্লুসিভ সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (আইসিজিপি), এর ব্যয় ২ হাজার ৯৪৩ কোটি টাকা। নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধনী), এর ব্যয় ১১০ কোটি ৮৫ লাখ টাকা।
অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) শক্তিশালীকরণ প্রকল্প (প্রথম সংশোধনী), এর ব্যয় ৬৭ কোটি ৫১ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম প্রকল্প, এর ব্যয় ১ হাজার ৬৪৫ কোটি ৩৭ লাখ টাকা।
পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম প্রকল্প, এর ব্যয় ১ হাজার ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্রগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম প্রকল্প, এর ব্যয় ১ হাজার ৬৮৭ কোটি ৩০ লাখ টাকা।
বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । এ সময় পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, চট্রগ্রামসহ চারটি নতুন সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন করা হবে। এগুলোকে অত্যাধুনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





