দিনাজপুরে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাবেক এমপিসহ পাঁচ নারী কর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির জেল রোডের দলীয় কার্যালয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন পর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপি সভাপতি আলহাজ লুৎফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর দুই গ্রুপ একত্রিত হয়ে ১২ ডিসেম্বর কর্মিসভা করার জন্য প্রস্তুতি সভার আয়োজন করে।
এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের সাবেক নারী এমপি জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা ইসলামের নাম বক্তব্য দেয়া জন্য প্রচার করার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির সভাপতি গ্রুপের পৌর নারী কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি প্রতিবাদ জানান ও হাতাহাতি শুরু করেন।
এক পর্যায়ে চেয়ার ছুড়ে মারলে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় সাবেক নারী এমপি রেজিনা ইসলামসহ তার পক্ষের পাঁচ নারী কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রস্তুতি সভা পণ্ড হয়ে যায়।
জেলা বিএনপির সভাপতি আলহাজ লুৎফুর রহমান মিন্টু মহিলা দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন।
কেএইচ





