পরিকল্পিত নগরায়নের জন্য মাস্টারপ্ল্যান করতে স্থানীয় সরকার অধিদফতরের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে এ নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, সবাই ঢাকা থাকতে চান। যারা গ্রামে থাকেন, তারা কেন নগরের সুবিধা পাবেন না? আমরা চাই, তারাও নগরের সুবিধা পাবেন।
সেতু, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রকৌশলীদের সর্তক হতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সেতুগুলো এতো নিচু করে তৈরি করা হয়েছে যে, এর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারে না। তাছাড়া অতিরিক্ত সেতুর ফলে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে।
বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীর ওপর ব্রিজগুলোর সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় সরকারের প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
নদীপথের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশ। অথচ আমরা নদীপথ ব্যবহার ভুলে যাচ্ছি। নদীপথে যাতায়াতও সস্তা। এর ব্যবহার বাড়লে সড়কপথের ওপর চাপ কমবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য অনুসারে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ে তোলা হবে। আমাদের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। এর মধ্যে আমাদের কাজগুলো শেষ করতে হবে।
ঢাকা,১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





