আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোজাক্কির (১২) ও ছায়েনা খাতুন (১০) নামে দুই শিশু নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি বড়কান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মোজাক্কির বড়কান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ছয়ানা খাতুন একই গ্রামের মুর্শিদ আলীর মেয়ে।
মিঠাইমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার ও একই ওয়ার্ডের মেম্বার বাসেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চায়না ও মোজাক্কির। সংঘর্ষে আরও ২০ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





