বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশ কার্যত লকডাউন। জুমার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এমন অবস্থায় ঢাকার মসজিদগুলো যেন প্রাণহীন হয়ে গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার দিন দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এমন ফাঁকা দৃশ্য আগে কখনো দেখেনি মুসল্লিরা।

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে মসজিদে না এসে ঘরে নামাজ আদায়ে সরকারের নির্দেশনায় লোকারণ্য বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আজ ছিল জনশূন্য। এখন তালাবদ্ধ বায়তুল মোকাররম।

সরকার নির্দেশনা অনুযায়ী জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থেকে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। রাজধানীর বেশিরভাগ মসজিদেরই মূল ফটক ছিলো তালাবদ্ধ। নির্দেশনা অনুসারে, ঘরে বসেই নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

এই দৃশ্য দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। মসজিদ তালাবদ্ধ থাকায় নামাজ না পড়ে ফিরে যান অনেক মুসল্লি।

রাজধানী প্রাণকেন্দ্র পল্টনে ১৯৬৮ সালে নির্মাণের পর অনেক রাজনৈতিক উত্থান-পতন, আন্দোলনের সাক্ষী এই মসজিদটি। অনেক আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে সেখানে। কিন্তু কোনো সময়ই এ রকম মুসল্লিহীন ছিল না।

দেশের জাতীয় মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্যটির গেটগুলো এখন তালাবদ্ধ। স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে আজ জুমার নামাজ শেষ হয়। কেউ কেউ সামাজিক দূরত্বে থেকে সেখানকার ফুটপাতে নামাজ পড়েন।

এক মুসল্লি ভেতরে ঢুকতে না পেরে বাইরে নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু মনে টানে না তাই নামাজ পড়তে এসেছি। আল্লাহর কাছে দোয়া করেছি যেন, এই পরিস্থিতির দ্রুত উন্নতি হয়।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। শুধু নামাজ নয়, সব ধর্মের ব্যক্তিদের ঘরে উপাসনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে এর বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। শুক্রবার জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।

এমবি