চাঁপাইনবাবগঞ্জে মামলা করতে গিয়ে ওসির হাতে লাঞ্ছিত হওয়া আইনজীবী রইশ উদ্দিন ওই ওসির বিরুদ্ধে আদালতে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা জজ-১ অনুপ কুমারের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

মামলার আর্জিতে বাদী অভিযোগ করেন, গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) তিনি জেলা ও দায়রা জজ আদালতে মানবপাচার বিষয়ে একটি মামলা দায়েরের জন্য আবেদন জানান। এ প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মিসেস কবিতা খানম ও পিপি অ্যাডভোকেট জোবদুল হক মামলাটি সদর মডেল থানায় দায়েরের পরামর্শ দেন। আদালতের পরামর্শে তিনি ২৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করতে গেলে ওসি মোঃ জসীম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে থানা হাজতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন। তিনি সাদা কাগজে স্বাক্ষর দিতে অস্বীকার করলে ওসি জসীম উদ্দিন তার মাথায় পিস্তল ঠেকিয়ে- হত্যার পর লাশ মহানন্দা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।

এর আগে, গত বৃহস্পতিবার ওই ওসির বিরুদ্ধে চিফ জুডির্শিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আলী আওয়াল বাউল। শুনানি শেষে বিজ্ঞ আদালত অভিযোগটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।

এদিকে আইনজীবীকে মারধরের ঘটনা আবারও অস্বীকার করে ওসি জসীম উদ্দিন জানান, ওই দিন সকালে সদর আসনের এমপি আব্দুল ওদুদের থানায় আসার কথা ছিল। তাই পুলিশ ওই ব্যক্তিকে চিনতে না পেরে তাকে সরে যেতে বলে। এ নিয়ে তিনি তর্কে জড়িয়ে পড়লে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে আব্দুল ওদুদ এমপি’র উপস্থিতিতেই তাকে ছেড়ে দেয়া হয়।

কেএইচ