মাগুরায় কাত্যায়নী পূজার মেলায় আসা ১১ ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্ঞান হারানো ব্যবসায়ীরা হলেন- নজরুল ইসলাম, তমিজ উদ্দিন, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, হাসান, আতাউর, জব্বার, মনির হোসেন, শাহাজাহান, সুরুজ ও ইউনুস। তাদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়।

আহত ব্যবসায়ীদের সঙ্গী মিরাজ হোসেনজানান, সারা রাত মেলায় চুরি, ফিতা, খেলনাসহ বিভিন্ন মালামাল বেচাকেনা করে ভোররাত ৪টার দিকে খাবার খেয়ে পৃথক পৃথক তাবুতে ঘুমাতে যান ওই ব্যবসায়ীরা। এসময় আগে থেকে খাবারের সঙ্গে মেশানো অজ্ঞাত কেমিক্যালের বিষক্রিয়ায় তারা অচেতন হয়ে পড়েন। সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীদের নগদ টাকা ও মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও আটটি মোবাইল সেট খোয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার এসআই আনোয়ার হোসেন রাইজিংবিডকে জানান, আহতদের চিকিৎসা চলছে। সুস্থ হলে তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেআই