দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বাহাবা কুড়ানো ছাড়া কমিশনের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ বা দমন করা সম্ভব নয়। এটা করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য দেশের ২৮ হাজার স্কুলে দুদকের সততা সংঘ নামে সংগঠন গড়ে তোলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিয়ম ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় দুদক চেয়ারম্যান আরো বলেন, প্রাথমিক বিদ্যালয় মানুষ গড়ার প্রথম সোপান। এটা মজবুত না হলে আমরা পরবর্তী ধাপে উঠতে পারবো না। এজন্য সমস্ত ফোকাস দেওয়া উচিৎ প্রাথমিক বিদ্যালয়ের উপর।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর রশিদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর