মধ্য রাতে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২৮টি ঘর। এতে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় থানার ওসি রনজিত বড়ুয়া জানান, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে ওঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। এখানে প্রতিটি ঘরে দুটি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতেন। আগুনের সূত্রপাত সম্পর্কেও এখনো কিছুই বলা যাচ্ছে না।

বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন ছড়িয়ে গেছে। ২০-৩০ মিনিটের মধ্যে সব ভস্মীভূত হয়ে যায় বলে স্থানীয় রোহিঙ্গারা জানান।

ওসি আরো জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন আগুনে ঘর পুড়লেও কেউ হতাহত হননি।

উল্লেখ্য, পুড়ে যাওয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী এলাকা থেকেই সোমবার সকালে গলাকাটা রক্তাক্ত জখম অবস্থায় রোহিঙ্গা তিন যুবককে উদ্ধার করেছিল পুলিশ।

জেড