রাজধানীর নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের ফুটওভার ব্রিজের নিচে শানু মিয়া (৩২) এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি চানখারপুলের হোসনী দালান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। আহত শানু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ শানু মিয়া জানান, তিনি গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় কাপড় সাপ্লাই দিয়ে থাকেন। নিউমার্কেটে কাজ সেরে রাত একটার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে তিনি গাউছিয়া মার্কেট পার ফুটওভার ব্রিজের নিচে অজন্তা টেইলার্সের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে গতিরোধ করে তার পায়ে গুলি করে এবং তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
পরে খবর পেয়ে তার নিকট আত্মীয় আফজাল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শানু মিয়া হাসপাতালে এসে তাদের এ ঘটনা জানান।
ইআর





