রাজধানীর মতিঝিল ও শাহজাহানপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভুয়া ডিবি ও ডাকাতসহ নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তার হলেন- হুমায়ুন কবির, মো. রাসেল, সোহেল রানা, কামাল পারভেজ ও মো. মুন্না।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই সেট পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি, দুটি রামদা, একটি ব্যাটারি চার্জার, একটি ক্রস বেল্ট, দুটি বাঁশি, দুটি পুলিশের বেল্ট, জুতা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এরা হলেন- মো. বাবু, জহিরুল ইসলাম, নান্নু মিয়া ও হাসান মোল্লা। এ সময় তাদের হেফাজত থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি চাঁপাতি, দুটি ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম নয়জনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের উপকমিশনার মো. মাহবুব আলমের নির্দেশনায় এডিসি খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে মতিঝিল জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এমকে





