রাজধানীর উত্তরখান এলাকায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনার দায়ে শনিবার ফয়সাল হোসেন রিফাতকে (১৮) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রিফাত উত্তরখান বালু নদীর পার স্মানঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে। ধর্ষিত ওই কিশোরী তাদের প্রতিবেশী। বর্তমানে কিশোরীটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
উত্তরখান থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, ওই কিশোরীকে ধষর্ণের অভিযোগ এনে তার নানা বাদী হয়ে শনিবার মামলা করেছেন। মামলা করার পর রিফাতকে আটক করা হয়েছে।
আর ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করার জন্য ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ওই কিশোরীর ভাই জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার বোন তাদের প্রতিবেশী মামার বাড়িতে টেলিভিশন দেখতে যায়। টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে রিফাত তার বোনকে জোর করে ধরে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে আটকে রাখা হয়।
তিনি জানান, রাত হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছে না বলে তাকে খোঁজ করা শুরু হয়। একপর্যায়ে রিফাতের ঘর থেকে তার বোনকে উদ্ধার করা হয়।
কেএইচ





