করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজধানীর ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম।

বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের বাসাভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বনানী ‘বি’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৭৭ নম্বর বাসায় আতিকুল ইসলাম এই আহ্বান জানান।

মেয়র আতিক বলেন, এই মুহূর্তে বিশেষ করে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। তাই আমি বাড়ি মালিকদের আহ্বান জানাবো, তারা যেন অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করেন।

তিনি বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাদেরও কিন্তু ভাড়া দিয়ে বাসায় থাকতে হয়। তাই আমি আহ্বান জানাবো, মানবিক কারণে বস্তিবাসীদের বাড়িভাড়া যেন মওকুফ করা হয়। এতে আপনাদের (বাড়িওয়ালাদের) হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে।

আতিকুল ইসলাম বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। এখনই মানবসেবার উপযুক্ত সময়। নগরীতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ কম ভাড়ার বাসায় থাকেন।

বস্তিবাসীদের মতো তাদের ভাড়াও কম নেওয়া হবে কি-না? এমন প্রশ্নে মেয়র বলেন, অবশ্যই আমি তাদেরও আহ্বান জানাই তারা যেন এই বিষয়টি গুরুত্বসহ দেখেন। তারা যদি ভাড়া মওকুফ করে দিতে পারেন, এতে অনেকের উপকার হবে। আমরা চাই সমাজের সবাই এই সংকটের সময়ে এগিয়ে আসুক।

এমবি