জেলার শাজাহানপুরে ছিনতাই হওয়া সিএনজি অটোটেম্পুসহ চারজনকে আটক করেছে পুলিশ। উপজেলার শাকপালা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদরের নামুজা মসজিদপাড়ার সাদেক আলীর ছেলে আতিকুল ইসলাম (১৮), শিবগঞ্জ উপজেলার পলিগাথি গ্রামের আজাদ মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), একই গ্রামের তোজাম মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও সনজাব আলীর ছেলে ইদ্রিস আলী (২৬)।

শাজাহানপুর থানার টিএসআই সুমন কাদরী জানান, শিবগঞ্জ ফাঁসিতলা থেকে ড্রাইভারকে হাত-পা বেঁধে একটি সিএনজি অটোটেম্পু ছিনতাই করে নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ক্রেতা সেজে ডেকে এনে রাত সাড়ে ৯টার দিকে শাকপালা এলাকা থেকে অটোটেম্পুসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

অটোটেম্পুর ড্রাইভার বগুড়া সদরের গোকুল গ্রামের মৃত আফজাল সাকিদারের ছেলে মুকুল হোসেন (৩৫) জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের দত্তবাড়ী স্ট্যান্ড চার যাত্রী ফাঁসিতলা যাওয়ার কথা বলে রিজার্ভ করেন। শিবগঞ্জের কাছাকাছি যাওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা একটু সামনে যেতে বলেন। ফাঁসিতলা স্ট্যান্ড থেকে একটু সামনে যেতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও দু’জন ছিনতাইকারী হাত তুলে অটোটেম্পু থামাতে বলে। অটোটেম্পু থামানোমাত্রই ওই দুজনসহ যাত্রীবেশী ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, চোখ-মুখ বেঁধে রাস্তার পাশে গর্তে ফেলে রেখে অটোটেম্পু নিয়ে পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতাররা ছিনতাই চক্রের সদস্য। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

জেআাই