বাংলাদেশ এখন কারও দয়ায় চলে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, নিজেদের কাজ ও পরিশ্রম দিয়েই দেশ ও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে শ্রম প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘আমাদের শ্রমিকেরা পরিশ্রম করেন, নিজেদের ঘাম ঝরিয়ে চলেন। আমরা এগোচ্ছি আমাদের কাজ দিয়ে। কারও দয়ার ওপর নির্ভর করে নয়।’

গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫-কে আইনে পরিণত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিশুশ্রম নিরসনে সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, তাতে ৬০ হাজার শিশু উপকৃত হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিভেদের রাজনীতির মধ্যেও ট্রেড ইউনিয়নগুলোতে ঐক্য গড়তে বিলসের ভূমিকা অপরিসীম। দেশের সার্বিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘তথ্য, জ্ঞান, যুক্তি, ঐক্য ও সংহতি অধিকার সুরক্ষায় শক্তি’স্লোগানে বিলসের এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংসদ শিরীন আখতার।স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার ডেনমার্ক দূতাবাস মিশনের প্রধান জ্যাকব হুগার্ড, আন্তর্জাতিক সংস্থা এফইএসের বাংলাদেশের আবাসিক প্রধান ফ্রান্সিসকা কর্ন, সলিডারিটি সেন্টার বাংলাদেশের প্রতিনিধি অ্যালেঞ্জ সুসন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঢাকার পরিচালক শ্রীনিবাস রেড্ডি, বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য শুক্কুর মাহমুদ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসাইন প্রমুখ।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর থেকে চারটি বিষয়ে চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এমআর