পদ্মায় লঞ্চডুবির ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটি সাক্ষ গ্রহন করবে। আগামী মঙ্গলবার মাওয়ায় ‘পদ্মা’ রেস্ট হাউসে এ সাক্ষ্য গ্রহণ হবে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে হাজির হয়ে সাক্ষ্য দিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

গত ৪ অগাস্ট কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে লঞ্চটি ডুবে যাওয়ার পরপরই মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে।

সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে নৌমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূর উর রহমানকে। কমিটিতে বুয়েটের একজন প্রতিনিধি, বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী,বিআইডব্লিউসি’র প্রধান প্রকৌশলী, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান নটিক্যাল সার্ভেয়ার ছাড়াও মাদারীপুর ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) সদস্য করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বর্ণনা অনুযায়ী, ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে আসার পথে ঢেউয়ের তোড়ে মাঝনদীতে ডুবে যায় পিনাক-৬।

লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২৭টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চেনার উপায় নেই এমন ১৫টি লাশ ডিএনএ নমুনা রেখে মাদারীপুরে দাফন করা হয়েছে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ