বিশ্বের সাত প্রধান শক্তিশালী দেশের শীর্ষ নেতাদের সঙ্গে জি-৭ আউটরিচ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কাশিকো দ্বীপের শিমা কানকো হোটেলের ব্যাংকোয়েট হলে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে স্বাগত জানান।
একদিকে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাঝখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বসে অনুষ্ঠানের মধ্যমণি জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের উল্টোদিকে।
শেখ হাসিনার পাশে ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেনজি। জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ মিটিংয়ের টেবিলে সব আলো এদের ওপরই। বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।
একেই বলা হচ্ছে জি-সেভেন আউটরিচ মিটিং। বৈঠকের আগে বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশনও অংশ নেন প্রধানমন্ত্রী। পরে আউটরিচ কর্মসূচির প্রথম অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা। দুপুরে মধ্যাহ্নভোজ সহকারে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন।
অধিবেশনে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী। এই সম্মেলন কেন্দ্রেই দুপুরে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।
এমআর





