নীলফামারীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে জেলার সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আফতাব (৩০), আনোয়ার হোসেন (৩৫), আব্দুস সাত্তার (৪৫), বাচ্ছাই (৩০), নুর ইসলাম (৬৫), একরামুল (৫৫) ও নজরুল ইসলাম (৩০)।

আহতদের মধ্যে আফতাব ও আব্দুস সাত্তারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, টুপামারী মাজারের পাশে ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের ১ একর ৪২ শতাংশ জমি বর্গায় চাষ করে একই এলাকার চনে মামুদের ছেলে আফতাব, আনোয়ার ও সাত্তার। ইতোমধ্যে ওই জমিতে তারা আমন চারা রোপন করেন। ঘটনার দিন বিকাল ৪টার দিকে একই এলাকার আব্দুল গনির ছেলে নুর ইসলামের লোকজন ওই জমির মালিকানা দাবি করে জমির দখল নিতে আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে তারা আহত হয়।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ