জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার তিন আইনজীবীকে ফের রিমান্ড দিয়েছে আদালত

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ আহমেদ তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা (২ দিন) এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের ৭২ ঘণ্টার (৩ দিন) রিমান্ড মঞ্জুর করে আদালত।

তিনি জানান, হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন জানায় র‌্যাব। আবেদনের প্রেক্ষিতে শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা (২ দিন) ও লিটন-বাপনের ৭২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডের সময় কার্যকর হবে সোমবার দুপুর দুইটা থেকে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, হাটহাজারী থেকে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের সঙ্গে তিন আইনজীবীর লিংক পাওয়া গেছে। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য হাটহাজারী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করেছিলাম। রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তারের পর চারদিনের রিমান্ডে নেয় র‌্যাব।

তিন আইনজীবী হলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদেও আছেন তিনি।

অপর দু’জন হলেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)। এদের মধ্যে শাকিলা ফারজানা ও হাসানুজ্জামান লিটন সুপ্রিম কোর্টে এবং মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত আছেন।

এআই