দেশের বিমানবন্দরগুলোতে ‘ডগ স্কোয়াড’ ইউনিট রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১৮ জুন) মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশ গণমাধ্যমের সামনে তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন।
প্রধানমন্ত্রী বলেন, কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল। বিমানবন্দরে পৃথিবীর অনেক দেশে ডগ স্কোয়াড ইউনিট আছে। আমাদেরও করতে হবে। বিমানবন্দরে অধিকতর নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড ইউনিট প্রয়োজন।
একনেক সভায় বেশকিছু নির্দেশনা দেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয় প্রসঙ্গেও কথা বলেন তিনি। ম্যাচে ৪৮ রানে আউট হওয়া তামিম ইকবালের জন্য আফসোস করেন শেখ হাসিনা। সেই সঙ্গে সাকিব ও লিটন দাসের প্রশংসাও করেন তিনি।
ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, এখন থেকে এমন একটি মাস্টারপ্ল্যান করার জন্য এলজিইডি মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তার নির্দেশ হলো- সারাদেশের হাইওয়েগুলোতে এমন একটি মাস্টারপ্ল্যান করতে হবে, যাতে চালক-যাত্রীদের জন্য নির্দিষ্ট দূরুত্ব অন্তর সার্ভিস সেন্টার থাকবে।
দারিদ্র্যসীমা থেকে কোন কোন জেলা বের হয়ে আসতে পারল- তার একটা ডাটাবেজ তৈরির বিষয়েও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সোলার বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ব্যবহার উপযোগী প্রকল্পে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে হবে।
এছাড়া দেশের কসাইখানাগুলো মানসম্মত ও আধুনিক করার নির্দেশ দেন তিনি।
পরিকল্পনা বিভাগের সচিব বৈঠক শেষে সাংবাদিকদের এইসব তথ্য জানান।
এমবি





