মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ক্ষমাপ্রাপ্তরা হলেন, রাজশাহীর মোহনপুরের কৃষ্ণপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগরীর ভাটাপাড়ার নজির শেখ মিস্ত্রির ছেলে হায়দার আলী ও পুঠিয়ার শিবপুরের ইদ্রিস আলীর ছেলে সাহজাহান আলী তালু।

এদের মধ্যে দেলোয়ার হোসেন মারামারি, হায়দার আলী চুরি ও সাহজাহান চোরাচালান মামলায় সাজা ভোগ করছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইসমাইল হোসেন জানান, বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সাধারণ ক্ষমায় মুক্তির জন্য সাজাপ্রাপ্ত তিন আসামির নামের তালিকা পাঠানো হয়। সেই তালিকা মোতাবেক রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আদেশ পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

এমকে