সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের অদূরে তুরাগ ভাঙ্গা ব্রিজ (স্টিল ব্রিজ) এলাকা থেকে দুই সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডাকাতদলের হামলায় এই দুই ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে দুই ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের দাবি।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তুরাগ ভাঙ্গা ব্রিজ (স্টিল ব্রিজ) এলাকা থেকে মাসুদ রানা (২০) ও মহসিন মিয়া (২২) নামের দুই সবজি ব্যবসায়ীর লশি উদ্ধার করে পুলিশ।

ডাকাতের হামলায় এই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে দাবি করে এর প্রতিবাদে সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

সাভার মডেল থানা পুলিশ বিষয়টিকে সড়ক দুর্ঘটনা দাবি করলেও স্থানীয়রা পুলিশের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে সকাল ৯টার দিকে তাদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, সকালে তুরাগ-ভাকুর্তা সড়কের ভাঙ্গা ব্রিজের পাশে দুই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধারে কাজ শুরু করলে স্থানীয়রা এই ঘটনাকে ডাকাতি উল্লেখ করে বিক্ষোভ করতে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর তারা পাশের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, নিহত সবজি ব্যবসায়ীদের স্বজনরা ঘটনাস্থলে এসে আহাজারি করছেন। তাদের অভিযোগ রাত ৩টার দিকে ভাকুর্তা এলাকা থেকে সবজি নিয়ে ঢাকার কারওয়ান বাজারে যাওয়ার সময় ডাকাতদের হামলায় মারা গেছে মাসুদ রানা ও মহসিন মিয়া।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তুরাগ-ভাকুর্তা সড়কের ভাঙ্গা ব্রিজ নামক ওই এলাকায় মাঝে মাঝেই ডাকাতির ঘটনা ঘটে।

যেখানে দুই সবজি ব্যবসায়ী মরদেহ পাওয়া গেছে তার একশ হাত দূরেই পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। কিন্তু পুলিশ সেখানে ঠিকমত দায়িত্ব পালন করে না বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি আসলে সড়ক দুর্ঘটনা। এটি কোনো ডাকাতির ঘটনা নয়। রাতের কোনো এক সময় গাড়িচাপায় দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গাড়ির চাকায় তাদের মাথা পিষ্ট হয়ে গেছে।

এ ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহৃ নেই। স্থানীয়রা ভুল বুঝে বিক্ষোভ করে ও মহাসড়ক অবরোধ করেছিল। সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমকে